তরুণদের উদ্যোগে দাকোপে ২৫০ জন অসহায়কে খাদ্য সামগ্রী বিতরণ

দাকোপে তরুণদের ত্রাণ বিতরণ

করোনা মোকাবিলায় খেটে খাওয়া অসহায়, দুস্থ পরিবারের সহায়তায় ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে দাকোপের  কয়েকজন তরুণ। তারা অনলাইনে 'আমরা সচেতন দাকোপবাসী" নামে একটি গ্রুপ খুলে দেশ-বিদেশের বন্ধুদের সহায়তায় তহবিল গঠন করে এ পর্যন্ত দাকোপের বিভিন্ন ইউনিয়নে ২৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে। তারা আরও পরিবারকে সহায়তা করার জন্য ফান্ড গঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ গ্রুপটির অন্যতম উদ্যোক্তা উজ্জ্বল বর্মণ জানান, করোনা পরিস্থিতিতে তারা বন্ধু বান্ধবকে নিয়ে অসহায় মানু্ষকে সহায়তা করতে এই অস্থায়ী প্লাটফর্ম গঠন করেছেন। গঠিত ফান্ড দিয়ে সর্বাত্মকভাবে মানুষকে সচেতন করা ও সহায়তায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তিনি জানান, এই কাযর্ক্রম পরিচালনায় স্থানীয় সামাজিক সংগঠন ‘দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)’,  ‘শিশুদের জন্য আমরা’, ‘দ্য ভয়েস অব দাকোপ’ সংগঠনের স্থানীয় তরুণরা সর্বাত্মক সহযোগিতা করেছে।

দাকোপে অসহায়দের কাছে স্থানীয় তরুণদের ত্রাণ বিতরণ

এ গ্রুপের আরেক সদস্য শেক্সপিয়ার রায় বলেন, করোনা সংকটে তারা অসহায় মানুষের জন্য কাজ করছেন। এই মানবিক কাজে প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসছে। তিনি এই মানবিক কাজে যারা সহযোগিতা করতে চান তাদের ০১৭১৮১৮৯২৬৩ নম্বরে বিকাশ এর মাধ্যমে সহযোগিতা পাঠানোর আহ্বান জানান।