ষষ্ঠ শ্রেণির ছাত্র সঞ্চিত টাকা তুলে দিলো জেলা প্রশাসকের হাতে

জেলা প্রশাসকের কাছে সঞ্চিত টাকাসহ মাটির ব্যাংক তুলে দিচ্ছে নবনীলকরোনায় কর্মহীন অসহায় মানুষের কল্যাণে টিফিনের টাকা বাঁচিয়ে দান করলো বরিশাল জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নবনীল নন্দী। রবিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় মা শিউলী দাসকে সঙ্গে নিয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে সঞ্চিত টাকাসহ মাটির ব্যাংক তুলে দেয় নবনীল। এ সময় ব্যাংকটিতে এক হাজার নয়শ’ ৪৭ টাকা পাওয়া যায়।

নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলা রায়পাশা কড়াপুর ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। বাবা আশীষ কুমার নন্দী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শিক্ষার্থী নবনীল জানায়, টেলিভিশনে করোনার প্রভাবে দিনমজুর শ্রেণির মানুষের দুঃখ-দুর্দশা দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। মাটির ব্যাংকে জমানো টাকা দেওয়ার বিষয়টি সে মাকে জানায়। তার মা তাকে জেলা প্রশাসকের কাছে নিয়ে যান।

শিউলি দাস জানান, স্কুলে যাতায়াত ও টিফিন বাবদ নবনীলকে প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হতো। সেখান থেকে পাঁচ মাস ধরে মাটির ব্যাংকে জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে নবনীল।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান শিক্ষার্থী নবনীলের দেওয়া অর্থ গ্রহণ করেন। নবনীলের দান অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।