গাইবান্ধায় নতুন করে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা হলো ২৩ জন। এরমধ্যে আইসোলেশনে মারা গেছে এক কিশোর। বর্তমানে ১৪ জন রোগী আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
সোমবার (৪ এপ্রিল) সকালে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩ মে পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে চার জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের কর্মরত ডা. বিশ্বেস্বর চন্দ্র সরকার, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় এসআই, বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে কর্মরত ডাক্তার মাসুদার রহমান আকন্দের ৯ বছরের ছেলে ও আক্রান্ত অপরজনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। এরআগে, সদর হাসপাতালের একজন মেডিক্যাল টেকনোলজিস্টের (ল্যাব) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
তিনি আরও জানান, আক্রান্তদের সংস্পর্শে যারা ছিলেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে রংপুর মেডিক্যালের ল্যাবের পাঠানো হবে। জেলায় বর্তমানে ৮৪৮ জন হোম কোয়ারেন্টিনে। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষে ছাত্রপত্র পেয়েছেন ২২৪৫ জন।