কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। সোমবার (৪ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাকচালকের নাম বিপুল। তার বাড়ি বগুড়া জেলার নওদাপাড়া গ্রামে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বগুড়া থেকে কুড়িগ্রামগামী মাছবাহী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে নওগাঁগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাছবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহত তিন শ্রমিকসহ দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পাজেরো জিপের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর দুই আরোহী আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সোনারামপুর এলাকার ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোনারামপুর এলাকায় ঢাকামুখী একটি পাজেরো জিপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের অজ্ঞাত পরিচায়ধারী এক আরোহী মারা যান। আহত আহত অপর দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় চালক ও গাড়িটি আটক করা যায়নি।
পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার উপজেলার সাফা ডিগ্রি কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ শরীফ (২২) উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে। এসময় কাওসার (১৮) নামে একজন মারাত্মক আহত হন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে আহাদ শরীফ তার নিজস্ব মোটরসাইকেলে করে একজনকে সঙ্গে নিয়ে স্থানীয় ধানিসাফা বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহাদ শরীফ ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা কাওসার মারত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা দুজনকেই মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ শরীফকে মৃত ঘোষণা করেন এবং কাওসারকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, নসিমনটি আটক করা হয়েছে । এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী মীর হোসেন (৭২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার চালক। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে। সোমবার বিকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের টোক (সালুয়ারটেকি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মীর হোসেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইদ এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মীর হোসেন সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশায় চড়ে কাপাসিয়ার টোক বাজারে যাচ্ছিলেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের টোক (সালুয়ারটেকি) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাপাসিয়াগামী ঔষধবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চালকসহ মীর হোসেন আহত হন। রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত বৃদ্ধ মীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। আহত অটোরিকশা চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।