বাইক বাহিনীর গ্রেফতারকৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মহল্লার আল-আমিন ওরফে হৃদয় (২০), অচিনতলা মহল্লার বাপ্পি ইসলাম ওরফে মধু (২০) ও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ মহল্লার আজমাইন আহনাম ওরফে তৌকিব (১৮)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ৩০ এপ্রিল দুপুর ২টার দিকে দরগাপাড়া মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা মাহাফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে এই তিন ছিনতাইকারী বাইক নিয়ে এসে রিকশা থামিয়ে ওই নারীকে মারধর করে। এরপর তার কাছে থাকা নগদ টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। ঘটনার পর থেকে নগর ডিবি পুলিশের উপকমিশনার আবু আহাম্মদ আল মামুনের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
তিনি ছিনতাইয়ের বিষয়ে তথ্য উৎঘাটনের জন্য ডিবি পুলিশের একটি বিশেষ টিমকে নিয়োজিত করেন। এই টিম রবিবার (৩ মে) দিবাগত রাতে এই তিন ছিনতাইকারীর প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, ভ্যানিটি ব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এরপর আসামিদের মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।