লালমনিরহাটে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জের শ্যামনগরে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত শনিবার (২ মে) পালিয়ে পাটগ্রাম উপজেলার মেছিরপাড় এলাকার নিজ বাড়িতে এসেছেন।
সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার কালী প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত ওই ব্যক্তি পাটগ্রাম উপজেলার মেছিরপাড় এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের শ্যামপুরে ঈগলু আইসক্রিম কোম্পানির জুনিয়র অ্যাডমিন অফিসার পদে কর্মরত ছিলেন।
ডা. কালী প্রসাদ সরকার আরও জানান, নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে গত শনিবার (২মে) ট্রাকে করে পাটগ্রামের মেছিরপাড় এলাকার বাড়িতে আসেন ওই যুবক। ওই সময় স্থানীয়রা তাকে অসুস্থ দেখতে পেয়ে প্রশাসনকে বিষয়টি জানালে (২ মে) নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখান থেকে সোমবার সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রাতেই তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, পাটগ্রাম উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৪ জনের। সবগুলো রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ জনের রিপোর্ট নেগেটিভ হলেও নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তি করোনাপজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আমরা তাকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, এ পর্যন্ত লালমনিরহাট জেলায় মোট ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়। এরমধ্যে ২ জন সুস্থ হয়ে গতকাল রবিবার (৩ মে) বাড়ি ফিরে গেছেন।