রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) করোনাভাইরাস ল্যাবে সোমবার (৪ মে) মোট পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তানোর থানার পুলিশ কনস্টেবল আলী হোসেন (৪২) ও থানার পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মালেক (৩৩) রয়েচেন। বাকি দুজন পাবনার এবং আক্রান্ত দুইজনই নারী। তাদের বয়স ২৯ ও ৫২ বছর। আর নাটোরের লালপুর উপজেলার আক্রান্ত যুবকের বয়স ২৫।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, ল্যাবে আরও ২১৯ জনের নমুনা এসেছে পরীক্ষা জন্য। রাজশাহীতে এই প্রথম কোনও পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো।
করোনা শনাক্ত হওয়ার বিষয়ে রাজশাহী তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজীয়ারা খাতুন জানান, গত ৩ এপ্রিল তানোর থানায় গিয়ে আমরা এ দুজনের নমুনা সংগ্রহ করি। পরে নমুনা রামেকের ল্যাবে পাঠানো হয়। সোমবার বিকেলে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক ওই দুইজনের করোনা পজিটিভ আসার তথ্য জানিয়েছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা দুইজন থানার স্টাফ। একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, থানার দুইজন করোনা পজিটিভ আসার বিষয়টি অবগত হয়েছি। দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে আক্রান্তদের সংস্পর্শে থাকাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানো হবে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
এর আগে গত ২৮ এপ্রিল তানোরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই যুবক (১৮) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া হাপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সম্প্রতি বাড়িতে ফেরেন।
রাজশাহী গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত জেলায় ১৭ জন শনাক্ত হলেন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার বাড়ি বাঘা উপজেলায়।