ওসমানী মেডিক্যালের ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত

করোনাভাইরাসসিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫৩তম ব্যাচের ১৬ শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৪ মে) রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মঙ্গলবার (৫ মে) তাদের পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, আক্রান্তদের ১৪ দিনের আইসোলেশনে রাখা হবে। তারপর পুনরায় পরীক্ষা করা হবে।

তবে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, ‘কয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে সেই তালিকা আমাদের কাছে আসেনি। আসলে জানা যাবে কী অবস্থায় রয়েছে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন ধরে অন্য এক ব্যক্তি বলেন, ‘স্যার ল্যাবে কাজ করতেছেন।’

জানা যায়, গত ২৩ এপ্রিল এক ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হওয়ার পর মেডিক্যাল কলেজের ৫৩তম ব্যাচের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৫ জনই নারী। তবে তাদের মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি। সবাই সুস্থ আছেন।

এদিকে সোমবার (৫ মে) রাতে ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনও কারণ নেই। ইনশআল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সঙ্গেই আছি। –অধ্যক্ষ সিওমেক।