বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

95663792_2574779106095379_5678549619806568448_n

 

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৫ মে) সকালে নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার তিন শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার আদিয়াত অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ মার্চ মাসের বেতন বকেয়া রেখেই ২৮ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর হঠাৎ করেই কয়েকদিন আগে জুন মাসের ১ তারিখ পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এরই প্রতিবাদে সকালে ওই কারখানার তিন শতাধিক শ্রমিক জড়ো হন। পরে তারা কারখানার মূল ফটকের ভেতরে প্রবেশ করে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ শেষে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান বলেন, 'খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী ১০ তারিখের মধ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা জানানো হয়। এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।'