কুড়িগ্রামে ওসি-স্বাস্থ্যকর্মীসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

করোনা ভাইরাসকুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ (সিনিয়র নার্স, পুরুষ) জেলায় আরও দশ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে আরও রয়েছেন– জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিন জন এবং  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও ক্লিনার। এছাড়াও জেলার ভূরুঙ্গামারী উপজেলায় তিন জনের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।

ফুলবাড়ী থানার ওসি করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, কোনও ধরনের উপসর্গ ছাড়া ওসি এখনও ভালো আছেন। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও তার গাড়িচালকসহ আরও দুই-তিনজনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে তাদের কোনও উপসর্গ নেই। নিয়মিত ডিউটি শেষে রুটিন চেকআপে নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে জেলায় মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।