চকরিয়া উপজেলা চেয়ারম্যানও করোনা পজিটিভ

ফজলুল করিম সাঈদীকক্সবাজারের চকরিয়া উপজেলার এসিল্যান্ড তানভীর হোসেনের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। শনিবার (৯ মে) শনাক্ত হওয়া চকরিয়ার চার জন রোগীর মধ্যে তিনিও একজন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বিষয়টি স্বীকার করেছেন।

এছাড়া এ উপজেলায় এক নারীসহ আরও তিন জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চকরিয়া হাসপাতাল পাড়ার একজন নারী এবং অন্য দুইজন চকরিয়া পৌরসভার ফুলতলা কাজীর পাড়ার বাসিন্দা। কাজীর পাড়ার বাসিন্দাদের মধ্যে ৫৯ বছর বয়সী এক বৃদ্ধা ও ৩৫ বছর বয়সী এক যুবক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে শনিবার কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৪৬ জনের মধ্যে ছয় ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়া উপজেলার ৪ জন ছাড়াও টেকনাফ উপজেলার একজন এবং উখিয়া উপজেলার এক জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত  হিসেবে শনাক্ত হল ৮০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সর্বোচচ ২৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে চকরিয়া উপজেলায়।

জানা গেছে, গত ৩৮ দিনে মোট ২৫০৪ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৮৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১১ জন, টেকনাফে ছয় জন, উখিয়ায় সাত জন, রামুতে দুই জন, চকরিয়ায় ২৩ জন, কক্সবাজার সদরে ১৯ জন এবং পেকুয়ায় ১২ জন। অপর সাত জনের মধ্যে ছয় জন বান্দরবান জেলার এবং একজন চট্টগ্রামের লোহাগাড়ার।