অন্তঃসত্ত্বার করোনাজয়, সিজারিয়ান অপারেশন রবিবার

বাড়িতে গিয়ে চিকিৎসা নেই নারীকে অভিনন্দন জানান

যশোর চৌগাছার হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া অন্তঃসত্ত্বা নারী জান্নাতী (২৮) করোনামুক্ত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বানুড়হুদা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার (১০ মে) যশোর জেনারেল হাসপাতালে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৫ এপ্রিল করোনা শনাক্তের পর বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

শনিবার (৯ মে) বিকালে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার তাকে করোনামুক্তির সনদ হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা জানান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, 'পরপর দুবার করোনা পরীক্ষা নেগেটিভ আসায় তাকে করোনামুক্ত হিসেবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তার বাড়ির লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে।'

জানা যায়, ২২ এপ্রিল জান্নাতী চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে ভর্তি হন। উপসর্গ থাকায় ২৩ এপ্রিল করোনা নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। নমুনা নেওয়ার পরই ওই নারী হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে ২৪ এপ্রিলের পরীক্ষায় ওই নারীর করোনা শনাক্ত হয়। পরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ওই নারীর বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে ওই নারীর স্বামী, তার একমাত্র সন্তানের নমুনা সংগ্রহ এবং তাদের বাড়ি লকডাউন করা হয়। তার স্বামী ও সন্তানের নমুনা নেগেটিভ আসে।

ওই নারীর ডেলিভারি ডেট ৯ মে হওয়ায় ২ মে ফের তার নমুনা নিয়ে ঢাকায় আইইডিসিআরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সেখান থেকে ৫ মে মঙ্গলবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এলে ওই দিনই আবার তার নমুনা নিয়ে খুলনাে মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শনিবার তার ফের নেগেটিভ রিপোর্ট আসে।