সাভারে বাড়িতে আইসোলেশনে থাকা সাবেক পুলিশ সদস্যের মৃত্যু




সাভারসাভারে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর বাড়িতে আইসোলেশনে থাকা সাবেক এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে পৌর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শনিবার (৯ মে) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের ওই সাবেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে গত ৪ মে দ্বিতীয় দফা করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রেজাল্ট নেগেটিভ আসে। এর পর হঠাৎ করেই শুক্রবার রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১২ এপ্রিল পুলিশের সাবেক সদস্য জ্বরে আক্রান্ত হন। পরে তার করোনার নমুনা সংগ্রহ করা হলে নেগেটিভ আসে। সুস্থ হয়ে যাওয়ার পর আবারও ১৯ তারিখে জ্বরে আক্রান্ত হন তিনি। এসময় করোনা পরীক্ষা করালে তার পজেটিভ রেজাল্ট আসে। এর পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। পরে ৪ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার নেগেটিভ রেজাল্ট আসে। পরে ৩য় দফায় পরীক্ষায় অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই আবারও প্রচণ্ড জ্বরে বাড়িতেই তার মৃত্যু হয়। সাবেক পুলিশ সদস্যের উচ্চ রক্তচাপসহ একাধিক রোগ ছিল বলে জানা গেছে।