ঢাকা ফেরত বগুড়ার দুই নারী কনস্টেবল করোনা আক্রান্ত

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)বগুড়ায় দুই নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৭ জন করোনা পজিটিভ হলেন। শনিবার (১০ মে) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, নওগাঁর বাসিন্দা এ দুই নারী কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত ২৭ এপ্রিল বদলি হয়ে বগুড়ায় আসেন। তাদের বগুড়া পুলিশ লাইনসে সঙ্গরোধে রাখা হয়েছে। শরীর থেকে নমুনা সংগ্রহের পর বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৫৪ জনের মধ্যে দুজনের পজিটিভ, জয়পুরহাটের ১১৭ জনের সব নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১৭ জনের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বগুড়ার পজিটিভ দুজন নারী পুলিশ কনস্টেবল। এ নিয়ে বগুড়ায় মোট ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে নয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও বাড়িতে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার নতুন করে ৪৮ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়। ইতোমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ২১৬ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ১১৭ জন। এদিন নমুনা সংগ্রহ করা হয়েছে ১২২ জনের।