মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ




কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরামেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের আলিম নামের এক কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। সোমবার (১১ মে) মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাছির জামান মৃদুলের নেতৃত্বে কৃষকের জমির ধান কাটা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা নাহিদ উজ্জামান জানান, মেহেরপুর জেলা ছাত্রলীগের এমন কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়। আমি আহ্বান জানাবো ছাত্রলীগের মতো করে যেন সবাই এমন করে অসহায় কৃষকের পাশে দাঁড়ান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাছির জামান মৃদুল জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করতে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানব উন্নয়ন বিচার সম্পাদক নাহিদ উজ্জামান নাহিদের নির্দেশনায় মেহেরপুর জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই ধান কাটা কার্যক্রম শুরু করেছি। করোনাভাইরাসের কারণে যে সব হত দরিদ্র পরিবার তাদের ধান কাটতে পারছে না, তারা জেলা ছাত্রলীগকে জানালে আমরা যথাসাধ্য চেষ্টা করবো ধান কেটে দেওয়ার।

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু জানান, কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি চলবে। জেলা ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ এমন মহৎ কাজে সবসময় প্রস্তুত।

এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ডালিম রানা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও গাংনী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কৃষক আলিম জানান, ছাত্রলীগের ভাইদের এমন উপকার পেয়ে তিনি অনেক খুশি। এভাবেই যেন সবাই সবার পাশে দাঁড়ায়, এ আহ্বান জানান তিনি।