ময়মনসিংহ বিভাগে আরও ২ চিকিৎসকসহ ১৮ জনের করোনা পজিটিভ

পিসিআর ল্যাবময়মনসিংহ বিভাগে আরও দুই জন চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) জানানো হয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বিভাগের ১৮ জনের করোনা শনাক্ত হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার তিন শিফটে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ফলাফলে ১৮ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জের একজন, ফুলবাড়িয়ার দুই জন, ভালুকার তিন জন, ধোবাউড়া উপজেলার একজন চিকিৎসকসহ পাঁচ জন, মুক্তাগাছায় দুই জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জামালপুরে দুই জন এবং নেত্রকোনায় একজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় ২৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।