জানা যায়, করোনাভাইরাসের হটস্পট জেলার দেবিদ্বারে এ পর্যন্ত ৬১ জন আক্রান্ত হয়েছেন, প্রায় ৯ জন মৃত্যুবরণ করেছেন। যার ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপজেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশের বিভিন্ন এলাকার মতো এ উপজেলায়ও করোনায় মৃতদেহ দাফনে সংকট দেখা দিয়েছে। ইতোপূর্বে মারা যাওয়াদের প্রশাসন-স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সার্বিক সহায়তায় সমাহিত করা হয়েছে। এ দুঃসময়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মানবিক দিকনির্দেশনায় এগিয়ে এসেছেন ছাত্রলীগের ৪১ জন নেতাকর্মী। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনীকের নেতৃত্বে ছাত্রলীগের এই টিম এ উপজেলায় করোনাভাইরাস বা এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সবার দাফন এবং সমাহিতের কাজ সম্পন্ন করবেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনীক বলেন, ‘হট নাম্বারে ফোন করলেই আমরা পৌঁছে যাবো করোনায় মৃতদেহ দাফন করতে। আমাদের খাটিয়া, ইমামসহ প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে। একটা মানুষ মুত্যুর পর যেন তাকে যথাযথ সম্মান এবং ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন করতে পারি সে লক্ষ্যে আমরা প্রশিক্ষণও গ্রহণ করেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘এই বিপন্ন মুহূর্তে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তাদের প্রয়োজনীয় সকল লজিস্টিক সাপোর্টও প্রদান করা হবে।’