সাংবাদিকসহ ১৩ জনের করোনা, প্রেসক্লাব লকডাউন

টাঙ্গাইল

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় একজন সাংবাদিকসহ মোট ১৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩ জন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতিসহ পাঁচ জন, বাসাইলের একজন, ধনবাড়ীতে একজন, গোপালপুরে দুজন, ঘাটাইলে দুজন, মধুপুরে একজন ও কালিহাতীর একজন। এর মধ্যে ঘাটাইলে আক্রান্ত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান বলেন, 'গত ১১ মে ঘাটাইল উপজেলার নরজানা উত্তরপাড়া গ্রামের বাড়িতে এসে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান (৪৫) । তিনি ঢাকার একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। এখন তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।'

জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে এক মৃত ব্যক্তিসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এনিয়ে জেলায় ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। আর ইতোমধ্যেই ১৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।'

এদিকে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুরের কার্যালয় লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্তদের বাড়িও লকডাউন করা হয়েছে।