রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুরুল হুদা নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। রবিবার (১৭ মে) বিকাল ৫টায় উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাওলানা দুরুল হুদা (৫৫) গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আহত একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে নিয়ন্তা (২৬) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। এমন সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।