মৌলভীবাজারে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

মৌলভীবাজারে ট্রাকের চাপায় সাজনা আক্তার (৮)নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর শহরের সিলেট রোডস্থ টিসি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক  আমিনুল ইসলাম এ তথ্য জানান।
নিহত সাজনা আক্তার মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের রায়ের শ্রী গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে।
উপ-পরিদর্শক  আমিনুল ইসলাম জানান, দুপুরের দিকে শিশুটি টিসি মার্কেটের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক  ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই আমিনুল জানিয়েছেন।
/আরএ/