নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভসহ সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কায়েমপুর এলাকায় ফকির নিটওয়্যার লিমিটেডের সহস্রাধিক শ্রমিক দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করে। তারা কায়েমপুর-হাজীগঞ্জ সড়ক অবরোধ করে ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টস কারখানা ভবন ভাঙচুর করে।
এসময় কারখানাটির কয়েকজন শ্রমিকের করোনা আক্রান্তের খবর পেয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও জেলা করোনা ফোকাল কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সেখানে গেলে তাদের গাড়িও ভাঙচুর করে শ্রমিকরা।
পরে পুলিশ ও সেনাবাহিনীসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের বেতন ও ঈদ বোনাস পুরো পরিশোধ না করে অর্ধেক পরিশোধ করায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে। মালিকপক্ষের কাছে তারা পুরো বেতন ও ঈদের বোনাস দাবি করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ওই সময় কারখানাটির শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছিল এটা আমাদের জানা ছিল না। আগে থেকে জানা থাকলে আমরা তখন যেতাম না।