বাগেরহাটে চলছে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব

আম্পান আঘাত হানার আগে বেড়িবাঁধের চিত্রবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান বাগেরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আম্পানের তাণ্ডবে আতঙ্কে রাত কাটছে উপকূলবাসীর। পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী এলাকার  বেড়িবাঁধ ভেঙে কয়েকটি এলাকা প্লাবিত ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। জেলা সদরসহ সবকটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জোয়ার ও বৃষ্টির পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষা পেতে উপকূলীয় জেলা বাগেরহাটের প্রায় ২ লাখ ৬৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া প্রায় ২৩ হাজার গবাদিপশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. কামরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলায় রেড ক্রিসেন্ট, স্কাউটস, সিপিপির মোট ১১ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৫টি মেডিক্যাল টিম। এ জেলার জন্য ২০০ মে. টন চাল, নগদ ৩ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ, গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।