৫ টাকা না পেয়ে হাসুয়ার কোপ শিশুর, প্রাণ হারালেন মা

রাজশাহী৫ টাকা চেয়ে না পেয়ে মায়ের বুকে হাসুয়ার কোপ বসায় সাত বছরের শিশু। এতে মৃত্যু হয় মা ফাতেমাতুল তোহুরার (২৮)। সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটেছে।

মায়ের রক্ত দেখে শিশু ফাহিম (৭) পালিয়ে যায় ফুপুর বাড়ি। পরে আহত তোহুরাকে রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  নিহত তোহুরার স্বামীর নাম রবিউল ইসলাম।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের আসার জন্য খবর দেওয়া হয়েছে। ওই শিশু বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার সকালে শিশু ফাহিম তার মা তোহুরার কাছে দোকান থেকে খাবার কেনার জন্য ৫ টাকা দাবি করে। তবে ওই টাকা দিতে অস্বীকার করে মা তোহুরা শিশুটিকে সরে যেতে বলেন। এরপর শিশুটি ঘর থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে এসে তার মায়ের বুকে কোপ দেয়। এতে মারাত্মক আহত হন তোহুরা। এদিকে মায়ের রক্ত গড়িয়ে পড়তে দেখে শিশুটি আতঙ্কে পালিয়ে পাশেই তার ফুফুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তোহুরাকে নিয়ে রামেক হাসপাতালে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।