সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ফের তিনজন করোনায় আক্রান্ত

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

নীলফামারী সদর উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যানসহ ফের তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ ও ৬ জুন জেলার ছয় উপজেলার ৩৪ টি নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর লাবে পাঠানো হয়েছিল। গত সোমবার (৮ জুন) রাতে সিভিল সার্জন কার্যালয়ে ওই তথ্য আসে।

এতে নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী ও তার ১৫ বছরের মেয়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়াও জেলা শহরের একটি পেট্রোল পাম্পের এক ব্যক্তির (৫২) করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এ ব্যাপারে, মঙ্গলবার (৯ জুন) সকালে সিভিল সার্জন জানান, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়ালো। এর মধ্যে সদরে ৬০, ডোমারে ২৩, ডিমলায় ১৭, জলঢাকায় ২০, কিশোরগঞ্জে ১২ ও সৈয়দপুরে ২৭ জন রোগী পাওয়া গেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪৭৮ জন। প্রাপ্ত ফলাফল হাতে এসেছে এক হাজার ৭২৫ জনের। মারা গেছেন ৪ জন।

সিভিল সার্জন জানিয়েছেন, ল্যাব সংকটে অপেক্ষামাণ রয়েছে ৭৫৩টি নমুনার তথ্য।