বগুড়ায় সোনালী ব্যাংক সান্তাহার শাখার লেনদেন সাময়িক স্থগিত

সান্তাহার (গুগোল ম্যাপ)



এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সোনালী ব্যাংক বগুড়ার সান্তাহার শাখার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। ফলে মঙ্গলবার (৯ জুন) বিকাল থেকে ব্যাংকটির এই শাখায় লেনদেন বন্ধ হয়ে গেছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, ওই শাখার অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে। তাদের ফলাফল নেগেটিভ এলে ব্যাংকের এই শাখা কার্যালয়টি খুলে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোনালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা আহসান হাবিব কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ জানার পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। এরপর তাকে রংপুরে বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। মঙ্গলবার পাওয়া রিপোর্টে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া যায়। এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন ব্যাংকে লেনদেন স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেন। তিনি গ্রাহকদের আদমদীঘি বা অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ জানান।
বিকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, সোনালী ব্যাংকের সান্তাহার শাখার এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার দুপুর থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। শিগগিরই শাখার অন্য কর্মকর্তা-কর্মচারীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাদের ফলাফলে নেগেটিভ এলে শাখা খুলে দেওয়া হবে। অন্যথায় ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ জানান, সোনালী ব্যাংকের ওই শাখাকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে।