ভারত থেকে রেল ওয়াগনে এসেছে দেড় হাজার মে. টন পেঁয়াজ

বেনাপোল স্থলবন্দর রেল স্টেশন

করোনার মধ্যেও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে মালবাহী ট্রেনের ৪২টি ওয়াগনে ১ হাজার ৫শ' মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। স্থলপথের পাশাপাশি রেলপথে পেঁয়াজের এ আমদানি একদিনের হিসেবে সর্বোচ্চ।

মঙ্গলবার (৯ জুন) রাতে মালবাহী ট্রেনে পেঁয়াজ ভর্তি ওয়াগানগুলো বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ জুন) কাগজপত্রের কাজ সম্পন্ন করে নওয়াপাড়ায় ট্রেন থেকে ট্রাকে পেঁয়াজগুলো খালাস করা হয়।

পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার রিয়াজ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার বাবা ভোলানাথ এন্টারপ্রাইজ ও বগুড়ার বিকে ট্রেডার্স। পৃথক তিনটি এলসিতে এই পণ্য আমদানি করা হয়। পণ্যের রফতানিকারক ভারতের বসিরহাটের শ্রীগুরু ইন্টারন্যাশনাল। ইনভয়েস অনুযায়ী প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ১৫৫ মার্কিন ডলার।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাইম মিরণ জানান, বর্তমানে রেলপথে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, স্থলপথের পাশাপাশি রেলপথেও এভাবে বাণিজ্য চালু থাকবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন এ জন্য সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

বেনাপোল স্টেশন ম্যানেজার সাইদুজ্জামান জানান, পণ্য চালানটি ছাড়করণের জন্য কাস্টমস ও রেলের আনুষ্ঠানিকতা বুধবার বিকালে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) চালানের সব মাল খালাস হয়ে যাবে।