শ্রমিককে খুঁজতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন আরও একজন

102723656_247094863260040_606773191378429573_n

কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার কা‌শিপুর ইউ‌নিয়‌নে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর কাজ কর‌তে নে‌মে আল আমিন (২৫) ও সুজন (৩২) নামে দুই শ্রমি‌কের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকা‌লে উপ‌জেলার কা‌শিপুর ইউ‌নিয়‌নের গঙ্গাহাট এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ফুলবাড়ী থানার ও‌সি (তদন্ত) নবিউল হাসান এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এসময় শ্রমিক আল আমিন ওই ভব‌নের নতুন নি‌র্মিত সেপ‌টিক ট্যাংকের স্লা‌বের শাটার (খুঁটি) খুল‌তে ট‌্যাং‌কের ভেতর নামেন। বেশ কিছুক্ষণ তার সাড়া না পাওয়ায় ওই এলাকার সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। প‌রে তারও সাড়া না পে‌লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন জানান, খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি। সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় তাদের দুজনের মৃত্যু হতে পারে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

ও‌সি নবিউল হাসান ব‌লেন, 'ট‌্যাং‌কের ভেতর জ‌মে থাকা গ‌্যা‌সের বিষ‌ক্রিয়ায় শ্বাস নি‌তে না পারায় ওই দুই শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে থাক‌তে পা‌রে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে। এ ব‌্যাপা‌রে নিহত‌দের প‌রিবা‌রের পক্ষ থে‌কে অভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।'