মেহেরপুরে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত আব্দুস সামাদ আজাদ

মেহেরপুরের গাংনী থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল। সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষক পরিচয়ের আড়ালে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

 অভিযুক্ত  আব্দুস সামাদ আজাদ ধানখোলা ইউপির কসবা মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ২ তাং ০৫.০৬.২০২০ ইং।

সে ভোলাডাঙ্গায় তার শ্বশুরবাড়ি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি লিবিয়ায় অবস্থান করা মানবপাচারকারী চক্র ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং আরও ১১ জন বাংলাদেশি তখন আহত হয়।  ওই চক্রের সক্রিয় সদস্য হিসেবে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আব্দুস সামাদ আজাদ। জানিয়েছে, অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে মানবপাচার করেছে সে।

স্থানীয়রা জানান, আব্দুস সামাদ আজাদ এক সময় লিবিয়ায় ছিল। এরপর থেকে লিবিয়া হয়ে ইউরোপে মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়ে।