সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকা ‘রেড জোন’, আজ থেকে লকডাউন

সুনামগঞ্জ পৌর এলাকায় লকডাউনের বিষয়ে সরকারি মাইকিং

সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকায় করোনা আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই দুই পৌরসভার আওতাভুক্ত এলাকাকে ‘রেড জোন’ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ছাতক উপজেলার নোয়ারাই, কালারুকা, ছৈলা আফজালাবাদ ও জাউয়া ইউনিয়নকেও একই কারণে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার থেকে এসব এলাকায় রেড জোন নীতিমালা কার্যকর করে লকডাউন করার কথা রয়েছে।

ইতোমধ্যে সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। অন্যদিকে, শহরে যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ পর্যন্ত জেলায় ৫ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কোভিড পজেটিভ হয়েছেন ৫১৮ জনের। আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ১৪৫ জন ও সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪৪ রয়েছেন। সোমবার (১৫ জুন) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

সুনামগঞ্জ পৌর এলাকায় লকডাউনের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, রেড জোন ঘোষণার মাইকিং হচ্ছে আজ সোমবার। মঙ্গলবার থেকে রেডজোন এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রেড জোন এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রেড জোনের নিয়মাবলী মেনে চলতে হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, আগামীকাল থেকে রেড জোন এলাকায় বিধি মোতাবেক  আইন কার্যকর করা হবে।