জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

102433142_898818047291504_156898909712767389_n

সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ফেসবুকে শেয়ার করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু জাফর রজবকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অপরাধে এবং বিগত দিনেও তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক ১৫ জুন তারিখ হতে তাকে সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, ১১ জুন দুপুর ২টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক রজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে হত্যা ও বোচাগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। একইদিনে পুলিশ হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ ৫টি মামলায় গ্রেফতার করেছে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকেও। গ্রেফতারের পর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে কোতয়ালি থানার পুলিশ।