একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

Thakurgoan Ranishonkoil Thana Pic-2ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তবে এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ওসি আব্দুল মান্নান।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে বাঁশের শর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজারপাড়া এলাকার নিজ বাড়িতে শয়নকক্ষে বাঁশের শরের সঙ্গে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত বিপুল (২৫) চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজারপাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে। মৃত পারুল (২২) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়কোর্ট আঁধারদিঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।