বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার আরও দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদের একজন মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও অপরজন টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা গেছেন।
মৃত ব্যবসায়ীরা হলেন-নিউমার্কেটে মাহমুদ গার্মেন্টসের মালিক জাকির হোসেন তালুকদার (৫০) ও মর্জিনা ভান্ডারের মালিক জুলফিকার আলী ভুট্টো (৪২)। মৃত জাকিরের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি গ্রামে। তার বাবার নাম আবদুল বারিক তালুকদার। অন্যদিকেজুলফিকরের বাড়ি শহরের রাজাবাজারে। তার বাবার নাম মৃত হারেক আলী।
টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, জাকির তালুকদারের করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ১৫ জুন বেলা সোয়া ১২টায় তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো গত ৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি মারা গেছেন।
বগুড়া স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, বগুড়ায় সোমবার রাত পর্যন্ত এক হাজার ৫৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন, আরও ২১ জন। সুস্থ হয়েছেন, ৯৫ জন।
টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সূত্র জানায়, এ পর্যন্ত তাদের হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলো।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার প্রকৌশলী মিজানুর রহমান জানান, তার সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী জাকির তালুকদারের মরদেহ দুপচাঁচিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি কবরস্থানে দাফন করেছেন। এছাড়া ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টোর মরদেহ জানাজা শেষে বিকালে সদরের ধমরপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, তারা মঙ্গলবার পর্যন্ত ছয়জন সনাতন ধর্মাবলম্বীসহ ৪৪ জনের মরদেহের দাফন ও সৎকার করেছেন। এর মধ্যে ২২ জন করোনা পজিটিভ ও ২২ জন উপসর্গ নিয়ে মৃত। মৃতদের ৩৮ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
তিনি আরও জানান, তাদের না জানিয়ে মারা যাওয়া আরও ২-৩ জনকে তাদের স্বজনরা দাফন করেছেন।