কুমিল্লায় ৫ জনসহ চার জেলায় করোনায় ৯ জনের মৃত্যু

করোনাভাইরাস

করোনার উপসর্গ নিয়ে চার জেলায় ৯ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই মারা গেছেন পাঁচ জন। এদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কেউ কেউ বাড়িতে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানানো হলো।


কুমিল্লা
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৫৯ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১২৫ জন। সুস্থ হয়েছেন ৫০৫ জন। মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

বরিশাল 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ৭ ঘণ্টা পর মফিজুর রহমান (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় মফিজুর রহমানকে তার স্বজনরা করোনায় ওয়ার্ডে ভর্তি করেন। রাত ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান।  বুধবার (১৭ জুন) রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

 

ফেনী

ফেনীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার সকালে ৪৫ বছরের একজন ফেনী পৌরসভায় এবং ৭০ বছর বয়সী অন্যজন ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছেন।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফাহিম হোসেন জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই নারীর বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেন।

৭০ বছর বয়সী ওই বৃদ্ধা ফেনী শহরের শান্তিধারা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শের পর নমুনা দিয়ে আবার বাসায় চলে যান। সোমবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁঞা জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। ওই নারীর এক ছেলেও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  জেলায় মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৯ জন কনোরায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।