খুলনা মহানগরীর গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকিব খানকে হত্যার প্রতিবাদে চিকিৎসকদের চলমান কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখা আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম কর্মবিরত স্থগিতের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চিকিৎসকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে ডা. আব্দুর রকিব হত্যা মামলার সকল আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। তা না হলে পরবর্তীতে আবারও আলোচনা করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।