সিভিল সার্জনের অনুমোদন না থাকায় ধামরাইয়ে লকডাউন স্থগিত

ধামরাইসিভিল সার্জনের অনুমোদন না থাকায় ঢাকার ধামরাই উপজেলার লকডাউন স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলা প্রশাসন এবং করোনা প্রতিরোধ কমিটি লকডাউন স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক।

এর আগে ধামরাই পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে ওই এলাকাকে লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় করোনা প্রতিরোধ কমিটি। এ লকডাউনের বিষয়ে মাইকিং করে এলাকাবাসীকেও জানিয়েও দিয়েছিল তারা।

ধামরাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির একাধিক সদস্য বলেন, ধামরাই পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নে করোনায় আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ জন্য উপজেলা করোনা প্রতিরোধ কমিটির একটি মিটিং করা হয়। মিটিংয়ে উপজেলার পৌর এলাকা, আমতা, সানোড়া, সুতিপাড়া, সোমভাগ, সদর ও ভাড়ারিয়া ইউনিয়নকে রেড জোনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শুক্রবার সকাল থেকে এইসব এলাকায় মাইকিং করে দোকানপাট সহ জনসাধারণের চলাচলে বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিভিল সার্জনের অনুমোদন না থাকায় রাতে উপজেলা প্রশাসন লকডাউন স্থগিত করে।

তবে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা। তিনি বলেন, ‘রেড জোন ও লকডাউনের সিদ্ধান্তটি সিভিল সার্জনের কাছ থেকে পাওয়ার পরই উপজেলা প্রশাসন তা কার্যকর করে। এ ঘটনায় সিভিল সার্জনের কোনও অনুমোদন পাওয়া যায়নি।’ তাকে এ বিষয়ে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানানো হয়নি বলে তিনি জানান।

অন্যদিকে ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, ‘ধামরাই পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নের করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এক মিটিংয়ে রেড জোন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য এইসব এলাকায় মাইকিং করে জনসাধারণকে জানিয়েও দেওয়া হয়েছিল। তবে সিভিল সার্জনের অনুমোদন না পাওয়ায় বিষয়টি স্থগিত করা হয়েছে।’