মো. রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের খাদ্য কর্মসূচির চাল খোলা বাজারের বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় আকতার সওদাগরের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে খাদ্য অধিদফতর লেখা সাত বস্তা চাল উদ্ধার করি। অভিযানকালে দোকানী আমাদের জানিয়েছে ৪০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল কিনে তিনি ৪২ টাকা ধরে বিক্রি করছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স লোকমানিয়া স্টোরের গুদামে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ইউসুফ নিয়মনুযায়ী সুবিধা ভোগীদের কাছে বিক্রি না করে লোকমানিয়া স্টোর ও আক্তার সওদাগরের দোকানের কাছে চালগুলো বিক্রি করে। এই বিষয়ে জানতে চাইলে ডিলার ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।