কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মুজিবুর রহমান রিপন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২০ জুন) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. সাগুফতা আনোয়ার। তিনি জানান, গত ২ জুন করোনা উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন ডা.মুজিবুর রহমান রিপন। এরপর একাধিকবার করোনার টেস্ট করার পর তার পজিটিভ রিপোর্ট আসে। আজ শনিবার দুপুর ১২টা ১ মিনিটে তার মৃত্যু হয়।
কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারীও একই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রিপন ফরিদপুর মেডিক্যাল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, জ্বর সর্দিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকজ হিসেবে নিজেই বাসায় ওষুধ খাচ্ছিলেন তিনি। এরপর শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় তিনি কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান অবস্থায় গুরুতর হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে একাধিকবার করোনার পরীক্ষা করা হয়েছে তার। তবে প্রথম দুইবারের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ ছিল। পরের পরীক্ষার ফলে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ডা. রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রী একজন চিকিৎসক। তাদের দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে ৯ম শ্রেণিতে পড়ে, ছোট ছেলের বয়স ৭ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।