বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর চরে এই ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীরা নদীতে অনেক খোঁজ করে তাদের সন্ধান পাননি। সন্ধ্যায় রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন বলে জানা যায়।
নিখোঁজ শিশুরা হলো- সারিয়াকান্দি উপজেলার মানিকদাইর চরের মোহাম্মদ শেখের ছেলে মানিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হৃদয় শেখ (১০) এবং শেরপুরের হাসেন আলীর ছেলে ও শেরপুরে আনোয়ারা সিরাজ কেজি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সেলিম শেখ (১১)।
চালুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী এবং সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শাহ্ আলম জানান, সেলিম শেখ গত কয়েকদিন আগে শেরপুর উপজেলার বাড়ি থেকে মানিকদাইর চরে নানা হাসেন আলীর বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১টার দিকে সেলিম শেখ, হৃদয় শেখসহ ৫-৬ জন শিশু বাড়ির কাছে যমুনা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সেলিম ও হৃদয় ডুবে নিখোঁজ হয়।