নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউয়ের দাবিতে মানববন্ধন

নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শনিবার (২০ জুন) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল ও সদস্য নাইচ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিৎসার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নমুনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগণের নমুনা পরীক্ষার জন্য এবং রোগীকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। সেখান থেকে রিপোর্ট আসত অনেক সময় ৭-১০ দিন সময় লাগছে।

এ অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে ও সুচিকিৎসা নিশ্চিতে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান তারা।