ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামে একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। আজ রবিবার (২১ জুন) ভোর পাঁচটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায়।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভোররাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ভোর পাঁচটার দিকে মারা যান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের লোকজন ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন পরীক্ষা করাবেন না জানিয়ে লাশ নিয়ে চলে গেছেন।’