সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দেওয়া ও বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুন) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটির মুসলিমপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার নাম মো. আজিজুর রহমান (২৪)।
এ বিষয়ে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আজিজুর রহমানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার আ. গনি মল্লিকের কান্দি এলাকায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার আরও জানান, গ্রেফতারকৃত আজিজুর রহমান দীর্ঘদিন ধরে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ সরকার ও রাজনৈতিক দলকে উদ্দেশ করে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে। ফেসবুকে এ ধরনের গুজব রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করে আসছে সে। তার সাইদ মো. আজিজুর রহমান নামের ফেসবুক পেজে মিথ্যা ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের মাধ্যমে ক্রমাগত সরকারবিরোধী প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।