৬ দিন পর নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে করোনা টেস্ট শুরু

নারায়ণগঞ্জ ৩শ` শয্যা হাসপাতাল (ফাইল ছবি)



ছয়দিন বন্ধ থাকার পর সোমবার বিকেল থেকে কিট সরবরাহ হয়েছে নারায়ণগঞ্জে খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে। ফলে এদিন বিকাল থেকেই আবারও ল্যাব চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩০০ শয্যা হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. সামসুদ্দোহা সরকার সঞ্চয়।


তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে খানপুর হাসপাতালের জন্য ১ হাজার ৯২০টি কিট সরবরাহ করা হয়েছে। সোমবার বিকেলে থেকে কিট দিয়ে পরীক্ষা শুরু করেছেন পিসিআর ল্যাবের ভাইরোলজিস্টরা। কিট পাওয়ার সম্ভাবনা থাকায় সোমবার সকাল থেকেই করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার গৌতম সাহা জানান, ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে প্রতিদিন তিন শিফটে ২৮২টি নমুনা পরীক্ষা করা হবে। সে হিসেবে স্বাস্থ্য অধিদফতর থেকে যে ১ হাজার ৯২০টি কিট সরবরাহ করা হয়েছে তা দিয়ে আগামী এক সপ্তাহ চলবে।
ডাক্তার গৌতম রায় আরও জানান, খানপুর হাসপাতালের আইসিইউ ইউনিট স্থাপনের জন্য ১০টি আইসিইউ বেডসহ বেশ কিছু লজিস্টিক সাপোর্ট হাসপাতালে এসে পৌঁছেছে। তবে সাকসেশন মেশিন, এডিজি মেশিন, পোটেবল এক্সরে মেশিনসহ বেশ কিছু লজিস্টিক সাপোর্ট স্বাস্থ্য অধিদফতর থেকে এখনও এসে পৌঁছায়নি। তিনি বলেন, এসব লজিস্টিক সাপোর্ট এসে পৌঁছালে আগামী এক সপ্তাহের মধ্যে আইসিইউ ওয়ার্ডেও আমরা রোগী ভর্তি করাতে সক্ষম হবো।

এদিকে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের স্বল্প পরীক্ষায় নতুন করে ২৬ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭২৬ জনে। জেলায় করোনাভাইরাসে এ যাবত মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬০৮ জন, সদর উপজেলায় ১১৩১ জন, বন্দর উপজেলায় ১৫৭ জন, আড়াইহাজারে ৪৫৯ জন, সোনারগাঁয়ে ৪০৯ জন ও রূপগঞ্জে ৯৬২ জন। এ জেলার সিটি করপোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে ৩ জন, রূপগঞ্জে ৮ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, এ জেলায় এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সুস্থ হয়েছেন ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, বন্দর উপজেলায় ৬৬ জন, রূপগঞ্জের ১৯২ জন, সোনারগাঁয়ে ১৭৪ জন ও আড়াইহাজারের ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৬ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২২ হাজার ৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।