করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কোনও হিন্দু ব্যক্তি মারা গেলে তার সৎকারের আর্থিক দায়িত্ব নিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। সৎকারে কোনও পরিবার আর্থিক সংকটে পড়লে প্রয়োজনীয় সম্ভাব্য সাত হাজার টাকা মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে।
আজ বুধবার (২৪ জুন) আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দুদের সৎকার বিষয়ে প্রস্তুতি কমিটির সভায় মন্ত্রীর ঘনিষ্টজন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ ঘোষণা দেন।
আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মনি শংকর কীর্তনীয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক দুলাল ঘোষ প্রমুখ। সভায় সৎকার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সৎকারের জন্য যে কমিটি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর এলাকার লোকনাথ সেবাশ্রমসহ নির্ধারিত যেসব শ্মশান রয়েছে সেগুলোতেই সৎকারের কাজ সম্পন্ন হবে। কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ও আর্থিক সংকট থাকলে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাত হাজার টাকা দেওয়া হবে।
পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল জানান, সৎকারের জন্য কারও আর্থিক সংকট থাকলে স্থানীয়ভাবেই সহযোগিতার বিষয়ে অনেকে সম্মত হয়েছেন। তবে বিষয়টি আইনমন্ত্রীকে জানানো হলে তিনি পুরো দায়িত্ব নেবেন বলেন জানান। পাশাপাশি এ কাজে সরকারের সাত হাজার টাকার যে বরাদ্দ আছে সেটা প্রয়োজনে অন্য খাতে ব্যবহারের আহ্বান জানান তিনি।