করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

83477996_279305063419669_1778938759997906871_n

বগুড়া শহরের বড়গোলা মোড়ে জনতা ব্যাংক লিমিটেড করপোরেট শাখার সিনিয়র দুই কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে একেএম শাহজাহান আলী (৫৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার (২৬ জুন) সকালে তিনি মারা যান।

শাখা ব্যবস্থাপক এজিএম মো. সোলায়মান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শাখার কার্যক্রম বন্ধ হবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।

বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএসমি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, ব্যাংক কর্মকর্তা একেএম শাহজাহান আলী সদর উপজেলার চণ্ডিহারার চাঁদপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি শহরে কাটনারপাড়া কাজীখানা লেনের বাড়িতে বসবাস করতেন। ২৩ জুন অসুস্থ বোধ করলে ওই হাসপাতাল ল্যাবে নমুনা দেন। ফলাফলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বৃহস্পতিবার বেশি অসুস্থ হলে রাত সোয়া ১১টার দিকে তাকে বাড়ি থেকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করেছেন।