দিনাজপুরের সব নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই

106718148_4089405511133487_3618880168755628119_n

গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে এবং উজানের ঢলে দিনাজপুরের প্রায় সব নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেকের বাসাবাড়িতে পর্যন্ত পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে জমির ফসল। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার মানুষেরা রয়েছেন বিপর্যস্ত অবস্থায়। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, বন্যা হওয়ার আশঙ্কা কিংবা পূর্বাভাস কিছুই নেই এই জেলার জন্য।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার নদীগুলোর মধ্যে পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩২ দশমিক ৮০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপদসীমার বিপরীতে বর্তমানে ৩৮ দশমিক ৭৯ মিটার ও ইছামতি নদীর ২৯ দশমিক ৯৫০ মিটার বিপদসীমার বিপরীতে ২৮ দশমিক ০৫ মিটারে পানি অবস্থান করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান জানান, রাতে নদীগুলোর পানি সর্বোচ্চ লেভেলে ছিল। বর্তমানে পানি হ্রাসের দিকে, তাই বন্যার কোনও আশঙ্কা নেই। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে ওই পানি এদিকে আসায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে দিনাজপুর জেলার জন্য বন্যা হওয়ার মতো পূর্বাভাস কিংবা আশঙ্কা কোনোটাই নেই।