নিখোঁজের চার দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর লাইজু বেগম (১৬) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাইজু বেগম ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে।

নাসিরনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই কিশোরী গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনও সন্ধান পায় নি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই কিশোরীর মরদেহ বাড়ির পাশের খালে অর্ধগলিত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে। মরদেহের সারা শরীরে পচন ধরেছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।