হোমনার ইউএনও করোনায় আক্রান্ত

ইউএনও তাপ্তি চাকমাকুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউএনও ছাড়াও তার সরকারি গাড়িচালক, পিয়ন, নাইটগার্ডসহ নতুন উপজেলায় আরও ২০ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। রবিবার (২৮ জুন) ইউএনও নিজেই কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও তার সরকারি বাসভবনে এবং বাকিরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। বাসায় ইউএনওর দুই বছরের শিশুসন্তান, স্বামী, শাশুড়ি ও গৃহকর্মী রয়েছেন। তারা সবাই ভালো আছেন। তিনি উপজেলার সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তাপ্তি চাকমা বলেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনও উপসর্গ নেই। শুধু সাধারণ হালকা গলাব্যথা আছে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইট গার্ডের নমুনা পরীক্ষা করাই। আমাদের কাছাকাছি যারা আসেন তাদেরও পরীক্ষার জন্য বলি। যেহেতু জ্বর, কাশি কিছুই নেই তাই চিকিৎসক শুধু ভিটামিন, জিংক, ভিটামিন-সি এই জাতীয় ওষুধ দিয়েছেন। এর সঙ্গে গরম পানি খেতে বলেছেন।’