রাজশাহীতে নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাকায় পিষ্ট হয়ে লাইলী বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, লাইলী বেগম তার স্বামী আইয়ুব আলীর সঙ্গে তাহেরপুর মেয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা নসিমন করে বাগমারা উপজেলার তাহেরপুর কেকারুতলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে  একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পড়ে গেলে ওই নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার স্বামী আইয়ুব আলীও আহত হন। পরে তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এ ঘটনায় নসিমনটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
/এআর/
আপ-এআর