ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত তিন

দুর্ঘটনার শিকার ইজিবাইকদিনাজপুরের নবাবগঞ্জে মালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০), একই উপজেলার রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বাংলা ট্রিবিউনকে জানান, আজ শনিবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইকটি কয়েকজন যাত্রী নিয়ে বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাচ্ছিল। একইসময় উপজেলার চড়ারহাট এলাকায় একটি তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা এক নারীসহ দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরই ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে  ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করার জন্য অভিযান চলছে।