এক বছরে এক লাখ মানুষকে হাসপাতালের জরুরি বিভাগে সেবা!

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ

কক্সবাজার সদর হাসপাতালের সংস্কার হওয়া জরুরি বিভাগ চালুর এক বছর পূর্তি হলো আজ। উদ্বোধনের পর থেকে গত এক বছরে কক্সবাজার জেলার এক লাখেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে জরুরি বিভাগ, যাদের মধ্যে স্থানীয়রা যেমন রয়েছেন, তেমনই আছে রোহিঙ্গারাও। জেলার ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার কাজে নিয়েজিত প্রধান সরকারি হাসপাতাল হিসেবে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জরুরি বিভাগের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য জুলাই ২০১৯ সাল থেকে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অংশীদার হয়ে কাজ করছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি); যা কোভিড-১৯ মহামারির সময়েও অব্যাহত আছে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিআরসি কক্সবাজার কমিউনিকেশন অফিসার জামশেদুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিআরসির পক্ষ থেকে সংস্কারকৃত জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা দিতে বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জরুরি চিকিৎসাসেবার দক্ষতার ওপর  প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন। গত এক বছরে জরুরি বিভাগ প্রায় দুই হাজারের মতো সংকটাপন্ন রোগীকে জরুরি চিকিৎসা দিয়েছে, যাদের ৯৮ শতাংশের জীবনরক্ষা করা সম্ভব হয়েছে। একজন রোগীর সঙ্গে একজন সহায়তাকারী প্রবেশ করার নিয়ম চালু করার মধ্য দিয়ে জরুরি বিভাগে অযাচিত ভিড় এড়ানো সম্ভব হয়েছে। এছাড়াও, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কারণে হাসপাতালের ওয়ার্ডগুলোতে ৬৫ শতাংশ অপ্রয়োজনীয় ভর্তি রোধ করা সম্ভব হয়েছে, যার কারণে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীদের ভিড় কমে এসেছে।

জেলার ব্যস্ততম হাসপাতালের জরুরি বিভাগের গুরুত্ব তুলে ধরে আইসিআরসি কক্সবাজার সাব ডেলিগেশনের অফিস প্রধান ফারুখ ইসলোমভ বলেন, ‘উদ্বোধনের এক বছরের মধ্যে জরুরি বিভাগ কক্সবাজারজুড়ে এক লাখের বেশি মানুষকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে, যাদের মধ্যে স্থানীয় জনসাধারণ ও রাখাইন থেকে আশ্রয় নেওয়া জনগোষ্ঠী রয়েছে। স্বাস্থ্যসেবা পরিচালনার মান উন্নত করতে বিভাগে ট্রায়াজ সিস্টেম চালু করা হয়েছে, যাতে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের  প্রথমে জরুরি চিকিৎসা নিশ্চিত করা যায়, এতে করে রোগীদের কষ্ট কমছে এবং জীবন রক্ষা পাচ্ছে।’

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে

জরুরি বিভাগে আইসিআরসির সহযোগিতার প্রশংসা করে সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘জরুরি বিভাগে আগে দিনে ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসাসেবার জন্য আসতো। তবে আইসিআরসির সহযোগিতায় এ বিভাগের গুরুত্বপূর্ণ সংস্কারের পরে আমরা প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী পাচ্ছি। এই বিভাগের প্রতি মানুষের আস্থা গত এক বছরে বৃদ্ধি পেয়েছে এবং এখন এটি বাংলাদেশের অন্যান্য সরকারি হাসপাতালগুলোর জন্য একটি মডেল জরুরি বিভাগ বলে আমি মনে করি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সদর হাসপাতালে একটি বিশেষায়িত জরুরি বিভাগ খোলার কাজ চলছে যেন ফ্লুর লক্ষণ থাকা রোগী এবং সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়। নতুন এ জরুরি বিভাগে যেসব ডাক্তার এবং নার্স দায়িত্ব পালন করবেন তাদেরকেও প্রশিক্ষণ দিচ্ছে আইসিআরসি। পাশাপাশি নতুন এ জরুরি বিভাগের জন্য প্রায় ৮ কোটি টাকা মূল্যের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধ প্রদান করেছে আইসিআরসি।